নড়াইলের লোহাগড়া উপজেলায় ওলিয়ার মোল্যা (৫৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর-মাউলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওলিয়ার মোল্যা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর মাউলি গ্রামের রাজা মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর মাউলি গ্রামে শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে একটু দূরে পাশের জমিতে কাজ করছিলেন ওলিয়ার মোল্যা। এ সময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার স্ত্রী আসমা বেগম স্বামীর চিৎকার শুনে ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে ও কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওলিয়ায় মোল্যাকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আসমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগড়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল্লাহ আল মামুন ঢাকা মেইলকে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

