দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে: পলক - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে: পলক

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৩০, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিদ্যুৎ জ্বালানি, টেলিকম, ব্যাংক ও তৈরি পোশাকসহ রফতানিমুখী প্রতিষ্ঠান বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে আছে। বিভিন্ন রাষ্ট্রের মদদে দেশে সাইবার হামলার অপচেষ্টা চলছে।

পলক বলেন, ভিপিএন ব্যবহার সাইবার ঝুঁকি বাড়াচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ব্যাংক, গার্মেন্টস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাইবার হামলার আশঙ্কা করছি। গত ১০ দিনে ৫০ হাজারেরও বেশিবার হামলা চালিয়ে ৮টি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৩৫টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাত্র আটটি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো যথাযথ নিরাপত্তা নিশ্চিত করছে না।

তিনি বলেন, আমরা একটি কো-অর্ডিনেট কমিটি গঠন করবো, যেটি বৈঠক করে ব্যবস্থা নেবে।

প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলেন, লাইসেন্সবিহীন পাইরেটেড সফওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে তা আইসিটি বিভাগকে জানাতে হবে।’

বৈঠকে ৩৫টি কেপিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমান সাইবার নিরাপত্তা অবস্থা পর্যালোচনা শেষে পরিস্থিতি তুলে ধরেন পলক।