তৃতীয় লিঙ্গের চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল - জনবার্তা
ঢাকা, বুধবার, ১০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় লিঙ্গের চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৬, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হিসেবে পরিচিত।

শুক্রবার রাতে চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের এই ভিডিও ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের মধ্যে বসে তিনি ইয়াবা সেবনের আসর বসিয়েছেন। একজন তাকে গ্যাসের দিয়াশলাই দিয়ে আগুন দিচ্ছেন আর চেয়ারম্যান ইয়াবা সেবন করছেন। তার পাশে আরও একজন বসে আছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নজরুল ইসলাম ঋতু গত ইউপি নির্বাচনে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানাকে পাঁচ হাজার ২৮ ভোটে পরাজিত করে দেশের মধ্যে প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। যুগান্তকারী এই ঘটনার পর তার নাম উঠে আসে পাঠ্যবইয়ে। জাতীয় শিক্ষাক্রম-২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ৭ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ের সম্প্রদায় অধ্যায়ে চেয়ারম্যান ঋতুর ছবিসহ তার পরিচয় উঠে আসে।

এই ভিডিও প্রকাশের পর উপজেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

এ ব্যাপারে চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বলেন, ভিডিওটি অনেক আগের। নির্বাচন সামনে রেখে এই ভিডিও ছেড়েছে। যখন ঢাকায় থাকতাম তখনকার ভিডিও এটি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, এটা খুবই জঘন্য কাজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ ব্যাপারে পদক্ষেপ নিবে।