তথ্য উপদেষ্টা নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তথ্য উপদেষ্টা নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন দল গঠনের প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে— আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন তারা। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা অবস্থায় নতুন দল গঠন করলে জনগণ তা গ্রহণ করবে না। তবে ছাত্রদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে নতুন দল গঠন করবেন না।

এদিকে, খবর আসছে যে, ছাত্রদের নতুন দলের প্রধান পদে নাহিদ ইসলামকে মনোনীত করা হয়েছে। যদিও তিনি বিষয়টি নিয়ে নিশ্চিত করেননি। তবে, রোববার (২৩ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছিলেন। সেখানে রীতিমতো জাতীয় পতাকা উড়ছিল তার গাড়িতে, তবে সাক্ষাৎ শেষে গাড়ি থেকে পতাকা নামিয়ে ফেলা হয়। এটি নিয়ে গুঞ্জন ওঠে, নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।

কিন্তু, নাহিদ ইসলাম বিষয়টি ক্লিয়ার করেছেন গণমাধ্যমের কাছে। তিনি রাত ৮টার দিকে গণমাধ্যমকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেননি তিনি। নাহিদ বলেছেন, ‘আমি পদত্যাগ করিনি।’

এর আগে, সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য উপদেষ্টার পদে মাহফুজ আলম আসতে পারেন। মাহফুজ আলম বর্তমানে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপদেষ্টা। তিনি আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে তিনি সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।