ঝিনাইদহে গোলাগুলিতে শীর্ষ চরমপন্থী নেতাসহ তিনজন নিহত - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে গোলাগুলিতে শীর্ষ চরমপন্থী নেতাসহ তিনজন নিহত

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় চরমপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে হানিফ নামে এক শীর্ষ চরমপন্থী নেতাও আছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শসানঘান এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত হানিফ হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের আহদনগর (ঠকপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক ক্যাডার ও একাধিক হত্যা মামলার আসামি।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে রামচন্দ্রপুর মাঠে অনেকগুলো গুলির শব্দ শোনা যায়। এতে এলাকায় ভীতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করি। নিহতদের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে। দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি একজনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে দুটি পালসার মোটরসাইকেল, একটি ম্যাগাজিন ও গুলি পাওয়া গেছে বলে জানান ওসি।

ওই হত্যার পর বিভিন্ন ব্যাক্তির কাছে হোয়াটসঅ্যাপে একটি ক্ষুদে বার্তা পাঠায় জাসদ গণবাহিনী। ওই ক্ষুদে বার্তায় লেখা আছে, “এতদ্বারা ঝিনাইদা, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনা, বাসির উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিনাকুন্ডু নিবাসী মো. হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে- কালু জাসদ গণবাহিনী”

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমরান জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ একজনের মরদেহ শনাক্ত করা গেছে। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”

জাসদ গণবাহিনীর নামে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এমন একটি বার্তা ইতোমধ্যে আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নই।”