অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না।
আজ শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে যে দাবি করছে, তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজনীতির ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার উপরে আমাদের কারও কিছু বলার নেই। তিনি যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বলল, তা শোনার আমাদের দরকার নেই।
কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যত বড়ই হোক ব্যবস্থা নেয়া হবে।
বাজার পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে। কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে ৪–৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা—দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষক ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে আলু চাষ কমে যাবে, তখন আবার দাম বেড়ে যাবে। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক দাম পান না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়।
পলিথিন ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। এই পলিথিনের জন্য কিন্তু আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় পানি আটকে যায় পলিথিনের জন্য। সহজে নষ্টও হয় না। আমরা যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করি, কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করুন।
বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কৃষিমার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ মার্কেট পরিদর্শন করেন উপদেষ্টা।
পরিদর্শনকালে দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে পলিথিন ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন উপদেষ্টা।
