চিলেকোঠা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিলেকোঠা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর ট্যাংক রোডের এক বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বোন অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে ট্যাংক রোডের এই বাড়ি নিয়ে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে ঝামেলা চলছিল। এই বাড়ি নিয়ে খুলনা সদর থানায় মামলাও করা আছে। এটা আমাদের বাবার বাড়ি। কিন্তু তারা আমাদের এ বাড়িতে আসতে দেয় না। সবুজ প্রায়ই আসতো এই বাড়িতে। বেশিরভাগ সময় চাচা ও চাচাতো ভাইরা তাকে মারধর করত। বুধবার সবুজ বাড়ি থেকে বের হয়েছে। তারপর তাকে আর খুঁজে পাচ্ছিলাম না। তারপর খুঁজতে খুঁজতে এই বাড়িতে আসি। এসে দেখি তার অর্ধগলিত ঝুলন্ত লাশ। আমার চাচা ও চাচাতো ভাইরা তাকে হত্যা করেছে।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে জানতে পারি ট্যাংক রোডে একটি ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা সেখানে উপস্থিত হই। এই মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ৯৯৯ ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পরিত্যক্ত বাড়ি থেকে সবুজ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে সিআইডি কাজ করছে।