চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন—মো. শহিদুল ইসলাম (২৯), মো. সবুজ (৩০) ও মো. শরীফুজ্জামান (২৮)।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গ্রেফতারদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুয়েকজনকে আটক করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় দুই নারী যাত্রীর। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাস যাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাস্থল টাঙ্গাইল জেলায় হওয়ায় সেখানে মামলা করার পরমার্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। পরে কেউ মামলা না করায় পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হন সবাই।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মত অবহিত না করায় ওসি সিরাজুল ইসলামকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ক্লোজড করে পুলিশ অফিসে সংযুক্ত করা হয়।

সবশেষ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন বাস যাত্রী ওমর আলী।