ঘুস না খেয়ে সম্মান পুনরুদ্ধার করুন: কারা কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘুস না খেয়ে সম্মান পুনরুদ্ধার করুন: কারা কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৯, ২০২৪ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

কারা কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন।”

তিনি বলেন, “ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব।”

আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুস, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।”

তিনি বলেন, “ঘুস খাওয়া চলবে না। যেভাবেই হোক ঘুস খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।”

কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।”

তিনি এসময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার, শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কারা কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “কারাগারের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল দায়িত্ব।”

তিনি বলেন, “ঘুস না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন। কেন না, ঘুস খেলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়।”

উপদেষ্টা এসময় কারা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে অবহিত হন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ কারা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।