গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসে করে কালকিনি ফিরছিলেন একই পরিবারের কয়েকজন সদস্য। মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া নামক স্থানে পৌঁছলে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা পাঁচজন নিহত হয়। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা সবাই মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল। তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।



