গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৬, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে ব্যাংকের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অফিসের ভিতরে কোনো ক্ষতি হয়নি।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার বারোতোপা এলাকায় মাওনা-শ্রীপুর শাখায় এই ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ শেষ করার পর ব্যাংকের ভিতরে ঘুমাতেন শাখার ব্যবস্থাপকসহ ৪ কর্মকর্তা। রাত আড়াইটার দিকে হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং তারা আতঙ্কিত হন। আশপাশের মানুষ এগিয়ে আসার পর কর্মকর্তারা পেছনের গেট দিয়ে বাইরে বের হন। বাইরে আসার সময় তারা মূল ফটকে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অন্য কোনো ধরনের ভাঙচুর বা ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, শ্রীপুরের বারতোপা এলাকায় গ্রামীণ ব্যাংকের ভেতরে পেট্রোলবোম নিক্ষেপের ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।