গাজীপুরে আজও পোশাক শ্রমিক বিক্ষোভ, দুই বাসে আগুন - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আজও পোশাক শ্রমিক বিক্ষোভ, দুই বাসে আগুন

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৭, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী থানার আশপাশের বিভিন্ন কারকানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকরা দুই বাসে আগুন লাগিয়ে দেয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাংগাইল মহাসড়কে মিছিল বের করে মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরাতে কয়েক রাউন্ড টিয়ারসেল ছুঁড়ে। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ি ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীবাহী দুই বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত শ্রমিকরা। শ্রমিকরা সংগঠিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিয়েছে। পুলিশ, বিজিবি, র‌্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বর্তমানে কোনাবাড়ি কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত উত্তেজিত শ্রমিক দুটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, কোনাবাড়িতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। শ্রমিকরা যেন কোন সহিংসতা না করে সেজন্য সড়কে আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। বেতনের বিষয়ে মজুরি বোর্ডের সিদ্ধান্ত হবে। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।