খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৪, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় রেলক্রসিংয়ে আটকে থাকা ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত পৌনে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চত করেছেন, খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান। তিনি বলেন, রাত সোয়া ৮টার দিকে ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। গেটম্যান ওহেদুল পলাতক আছে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেলক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তবে এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে লোকমুখে শুনেছি আহত ওই ব্যক্তি মারা গেছেন।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনায় আসার পথে আফিলগেট ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে যাত্রা শুরু করবে।

এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।