খুলনায় তিন নারী চিকিৎসক দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার থেকে তাদের পাওয়া যাচ্ছে না। এ তিন চিকিৎসক হলেন ডাঃ লুইস, ডাঃ তিশা ও ডাঃ শর্মিষ্ঠা। এ তিনজনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। বিএমএ খুলনা ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগে শুক্রবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক ও খুলনা জেলা স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ইউনুস খান তারিমকে আটক করে ঢাকায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, নিখোঁজ চিকিৎসকরা ডাঃ তারিমের মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাচিপের একাধিক নেতা জানান, ডাঃ লুইস, ডাঃ তিশা ও ডাঃ শর্মিষ্ঠ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সিআইডি তাদেরকেও প্রশ্নপত্র ফাঁস অভিযোগে আটক করেছে বলে জানিয়েছেন স্বাচিপ নেতারা।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডাঃ রবিউল হাসান বলেন, বর্তমানে আমি ছুটিতে রয়েছি। শুনেছি প্রশ্নপ্রত্র ফাঁসের অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
