খালেদা জিয়ার সঙ্গে ভয়ঙ্কর তামাশা করা হয়েছে: কায়সার কামাল - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সঙ্গে ভয়ঙ্কর তামাশা করা হয়েছে: কায়সার কামাল

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১, ২০২৩ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি না দিয়ে তার সঙ্গে ভয়ঙ্কর তামাশা করা হয়েছে বলে জানিয়েছেন খালেদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, চিকিৎসা নিতে কারাগারে গিয়ে তারপর আদালতে আবেদন করার কথা বলা খালেদা জিয়ার সঙ্গে ভয়ংকর তামাশা।

রোববার (১ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানোর পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কায়সার কামাল।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক বলেন, ‘আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন নেই। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ভয়ংকর তামাশা করা হয়েছে।’

কায়সার কামাল বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্পষ্টভাবে বলা আছে সরকার চাইলেই নির্বাহী আদেশে তাকে মুক্তি দিতে পারে। আজকে অনির্বাচিত প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।’

এর আগে দুপুরে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না বলে মতামত দেয় আইন মন্ত্রণালয়।

সাবেক এ প্রধানমন্ত্রীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবের বিষয়ে আইন মন্ত্রণালয় এ মতামত দেয়। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।