‘কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়’ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়’

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২০, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রচলিত আইন ও বিধি অনুযায়ী করা হয়েছে উল্লেখ করে তা যাচাই করা হবে বলেও আশ্বস্ত করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, কোটা বাতিলের আন্দোলনের প্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেখানে মূল পরিবর্তন হলো নাতি-নাতনির পরিবর্তে পরবর্তী প্রজন্ম বা সন্তান বলা হয়েছে। অতএব কোটায় ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে। তারপরও এটা যাচাই করা হবে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কোটার ২৬৯টি আসনের মধ্যে পাস করা ১৯৩ জনের মধ্যে খুবই আনইউজুয়াল হবে যাদের অভিভাবকের বয়স ৬৭-৬৮ এবং যাদের সন্তান থাকার সম্ভাবনা খুবই কম। সেখানে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেটা দেখা হবে। এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না এই নীতিগত সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, এটি রাষ্ট্রের। আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি ফলাফল যাচাই করা হবে।