কোচিং ছাড়াই মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা খুলনার সুশোভন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোচিং ছাড়াই মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা খুলনার সুশোভন

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৯, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রথমস্থান অধিকার করেছেন খুলনার সুশোভন বাছাড় । রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রকাশিত ফলাফলে সুশোভন বাছাড় সর্বোচ্চ ৯০ দশমিক ৭৬ পেয়ে প্রথম হয়েছেন। মেডিকেল ভর্তির জন্য তিনি কোনো কোচিং করেননি বলে জানিয়েছে তার পরিবার।

সুশোভনের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে। তিনি খুলনা মহানগরীর বয়রা আজিজের মোড় এলাকায় বসবাস করেন। তার বাবা সুভাস চন্দ্র বাছাড় খুলনার টি এ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। মা বন্দনা সেন একসময় শিক্ষক ছিলেন, তবে এখন গৃহিণী। সুভাস চন্দ্র ও বন্দনা সেন দম্পতির একমাত্র সন্তান সুশোভন।

এই দম্পতির একমাত্র সন্তান সুশোভন টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

ফলাফল প্রকাশের পর থেকে তাদের বাড়িতে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের বাড়ীতে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসছেন।

সুশোভনের বাবা সুভাস চন্দ্র বাছাড় জানান, আমার ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হবে। কিন্তু সে জন্য কোনো কোচিংয়ে তাকে পড়ানো হয়নি। বাড়িতে পড়েই সে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়ে বলেছিল ৯০ শতাংশের বেশি নম্বর পাবে। সেটাই হয়েছে। প্রথম
হবে এটা ভাবিনি। তবে চান্স পাবে জানতাম।

তিনি আরও বলেন, ছোট থেকে সুশোভন বিভিন্ন ধরনের বই পড়ত।

সুশোভন বাছাড় বলেন, আমি কখনো টাইম হিসেব করে পড়াশোনা করিনি। রাত জেগে কখনো পড়িনি। এটাকে সাপোর্টও করি না। পড়ার বাইরে খেলাধুলা করতাম। তবে আমি বই পড়া খুব পছন্দ করি। গল্প, উপন্যাস থেকে শুরু করে সায়েনস ফিকশন, থ্রিলার-জাতীয় বই আমার খুব প্রিয়।