কুমারখালীতে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ভল্ট ভেঙে চুরি - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ভল্ট ভেঙে চুরি

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৩, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখায় জানালার গ্রিল ও ভল্টের তালা ভেঙে প্রায় পাঁচ লাখ ২৭ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও সিসিটিভির ডিভিইয়ার খুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতের কোনো এক সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, একটি জানালার গ্রিল কাটা। ভল্টের তালা ভাঙা, সিসিটিভির ডিভিইয়ার নেই। অগোছালো আলমারি। উৎসুক জনতা ভিড় করেছে।

এসময় এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম জানান, তিনি সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা পাঁচ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ডিভিইয়ার নেই। আলমারি অগোছালো। তার ভাষ্য, রাতের আঁধারে ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। তিনি থানায় মামলা করবেন।

ওসি মো. আকিবুল ইসলাম জানান, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার গভীর তদন্ত চলছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।