কয়রায় সাবেক এমপি আক্তারুজ্জামান, ইউএনও ওসিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় সাবেক এমপি আক্তারুজ্জামান, ইউএনও ওসিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

কয়রায় সাবেক সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার ও তিন পুলিশ কর্মকর্তাসহ ৮০ জনের নামে হয়েছে। ২০২১ সালে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দের ত্রাণ বিতরণে বাধা দিয়ে মারপিটের ঘটনায় আদালতে মামলাটি করা হয়। গতকাল সোমবার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি (সিআর নং ৯৯/২৫) করেছেন জি এম রাজিবুল আলম বাপ্পী (৩১)। তিনি খুলনা নগরীর লবণচরা এলাকার বাসিন্দা এবং খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক। এজাহারনামীয় ৮০ জনসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, কয়রা উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, সাধারণ সম্পাদক নীশিত রঞ্জন মিস্ত্রী, সাবেক সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, থানার তৎকালীন এএসআই সাচ্চু শেখ ও মিহির মজুমদার, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়নের চেয়ারম্যান আঃ সামাদ গাজী, এড. আব্দুর রাজ্জাক, এড. আরাফাত হোসেন, আমিনুল হক বাদল, মনি শংকর রায়, সুমাইয়া নীলা ও কাজল প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ জুন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতা-কর্মীরা কয়রায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত ভেড়িবাঁধ পরিদর্শনে আসেন। কয়রায় ত্রাণ বিতরণ শেষে পাইকগাছাতে বিতরণের উদ্দেশ্যে রওনা দিলে চাঁদআলী ব্রিজ এলাকায় তাদের বহনকারী গাড়ির পথরোধ করে আসামিরা। আসামিরা বন্দুক, দেশীয় অস্ত্রসহ লাঠিসোঠা দিয়ে মারপিট করে তাদেরকে রক্তাক্ত জখম করে। ওই সময় পুলিশ-প্রশাসনের কাছে সহায়তা চাইলে তারা উল্টে তাদেরকে আঘাত করে ও হুমকি দেয়। তাদের পাঁচটি প্রাইভেটকার ও ১৭টি মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এছাড়া তাদের কাছে থাকা ৯ লাখ টাকার খাদ্য সামগ্রীসহ ত্রাণের নগদ ১৭ লাখ টাকা লুট করে নেয়।

মামলার বাদী জি এম রাজিবুল আলম বাপ্পী বলেন, তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিক‚ল ছিল না। এজন্য মামলা করতে বিলম্ব হয়েছে। ন্যায় বিচার পাবো বলে আশা করছি।

বাদীর আইনজীবী এড. আবু বকর সিদ্দিক বলেন, মামলাটি আদালত আমলে নিয়েছে। আশা করছি ন্যায় বিচার পাবো।