কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১০, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে নিখোঁজ দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফেরাসিঙ্গাপাড়ায় খালে গতকাল বুধবার সন্ধ্যায় তারা ভেসে যায়। আজ বৃহস্পতিবার সকালে ওই খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশুরা হলো স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০) ও ছেলে আমির হোছাইন (৭) এবং তাদের নিকটাত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।

স্থানীয় ইউপি সদস্য নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে তারা পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই খালে তাদের মরদেহ ভেসে ওঠে।

ইউপি চেয়ারম্যান জানান, তিন শিশুর লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।