এক বছরের বেশি সময় পর কারামুক্ত নীরব - জনবার্তা
ঢাকা, , |

এক বছরের বেশি সময় পর কারামুক্ত নীরব

জনবার্তা প্রতিবেদন
জুন ২১, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

এক বছরেরও বেশি সময় ধরে কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। এসময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন অসংখ্য নেতাকর্মী।

শুক্রবার (২১ জুন) বিকেল তিনটার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। যুবদল নেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৫ মার্চ (শনিবার) বিকেলে রাজধানীর তেঁজগাও এলাকার এফডিসির পাশ থেকে নীরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় তেজগাঁও থানায় হওয়া মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

এছাড়াও নীরবের বিরুদ্ধে ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে, ২০১৩ সালে রাজধানী মোহাম্মদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ তার নামে নাশকতার মামলা হয়। এই মামলায় তার ৩ বছরের সাজা হয়েছে।