উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি আলমগীর - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি আলমগীর

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৩০, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের মাঠে নামানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে মাদারীপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন।

ইসি মো. আলমগীর বলেন, ‘নির্বাচনে নিরাপত্তার জন্যে এদেশে পুলিশ বাহিনী আছে। তারাই নিরপেক্ষ নির্বাচন করতে যথেষ্ট। এছাড়াও র‌্যাব, বিজিবি, আনছার, গোয়েন্দা বাহিনী আছে। তারা তো সারক্ষণই খোঁজ-খবর রাখছে। অনেকে হয়ত জানছেন না, কিন্তু তারা ঠিকই গোপনে তৎপতরা চালাচ্ছে। অনেক সময় পুলিশের লোকজন গোপনে আড়ি পাতেন, যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে পারে তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়।’

এ সময় আওয়ামী লীগের দলীয় এমপি, মন্ত্রীর আত্মীয়দের নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে কোন দল কি সিদ্ধান্ত নিলো, সেটা আমাদের দেখার বিষয় না। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। এখানে নির্বাচন কমিশনের কোনো সমস্যা নেই। আইনের ভিতরে থেকে যে কোনো সিদ্ধান্ত যে কোনো দল নিতে পারেন।’

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসন মোহাম্মদ মারুফুর রশীদ খান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলীসহ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।