উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত - জনবার্তা
ঢাকা, , |

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২১, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনা হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিমান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তোকির।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।

বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের এডিসি এস এম জাহাঙ্গীর হাসান। তিনি বলেন, একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেউ আহত বা নিহত আছে কিনা আমরা এখনো জানতে পারিনি, ঘটনাস্থলে যাচ্ছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট কাজ করছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।