উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ, ১৫ জন পুলিশ হেফাজতে - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ, ১৫ জন পুলিশ হেফাজতে

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২০, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করে ছাত্র প্রতিনিধিসহ ১৫ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। আজ বুধবার (২০ আগস্ট) সকালে উখিয়া সদরের ফলিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সড়কের একপাশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়ে এনজিও কর্মীদের গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাঠিচার্জ করে আন্দোলনরতদের ওপর। এতে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়া হলে তাদের দেখতে যায় ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন। সেখান থেকে জিনিয়াসহ অন্তত ১৫ জনকে হেফাজতে নেয় পুলিশ।

একজন নারী আন্দোলনকারী বলেন, যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, অবিলম্বে তাদের ছেড়ে দিতে হবে। এ ছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না।

এ বিষয়ে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আন্দোলনকারী সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা সেখানে কয়েকজনকে হেফাজতে নিয়েছি। তাদের বিষয়ে যাচাই-বাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগের দিন চাকরিচ্যুতদের সঙ্গে বৈঠক হয়েছিল।

এর আগে চাকরিচ্যুত শিক্ষকরা একই দাবিতে সোমবার সকাল সাতটা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ ৯ ঘণ্টা উখিয়ার কোর্টবাজার স্টেশন এলাকায় সড়ক অবরোধ করেন। এতে কক্সবাজার-টেকনাফ সড়কে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।

প্রসঙ্গত, গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।