ঢাকার সাভারের আশুলিয়ায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোছা. রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন। তিনি ২০২১ সালের ১ ডিসেম্বর কারখানাটিতে যোগ দেন।
নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম (এসপি)।
তিনি বলেন, সকাল পৌনে ৯টার দিকে ম্যাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে রেডিয়েন্সের শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মরদেহ জিরাবোর পিএমকে হাসপাতালে রাখা হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কোথাও কোনো সড়ক অবরোধ নেই।
উল্লেখ্য, ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা চলছে। শিল্পাঞ্চল দুইটির অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গত রবিবার শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে দুই ডজন কারখানা বন্ধ ও ছুটি ছিল। গতকালও শিল্পাঞ্চল দুটি শান্ত ছিল।
