আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড বাতিল - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড বাতিল

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৩০, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে হাইকোর্টের দেওয়া ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এ মামলায় তার স্ত্রী সাবেরা আমানকেও খালাস দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত শুনানি নিয়ে বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

আমানউল্লাহ আমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এই দুজনের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করা হয়েছে।

খালাস পাওয়ায় আমানউল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে একই আদালত গত ৪ মার্চ ওই মামলায় ৩০ এপ্রিল রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। আপিল আবেদনে তিনি খালাস চান।

২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা।

২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন।

২০২৩ সালের ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন।