অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২২, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে মানিক হোসেন (২৪) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঝাঐল বাজারের পাশের একটি বেতের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মানিক হোসেন সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াকান্দা পাড়ার আশরাফ আলী ছেলে।

ওসি মোহা. রেজাউল ইসলাম বলেন, ঝাঐল বাজারের পাশে একটি বেতের খেতের মধ্যে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উন্মোচনে অনুসন্ধান চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ পিবিআই পুলিশের এসপি রেজাউল ইসলাম জানান, ছায়া তদন্তের জন্য ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে।