‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শন বন্ধ চেয়ে বিএনপির আইনজীবীর নোটিশ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শন বন্ধ চেয়ে বিএনপির আইনজীবীর নোটিশ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৯, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শন বন্ধ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির একজন আইনজীবী।

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশকারী আইনজীবী গণমাধ্যমকে বলেন, ইতিহাস বিকৃতি, শহীদ জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করায় এই সিনেমা বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছি। রেজিস্ট্রি ডাকযোগে ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে। ১০ জনের মধ্যে বাংলাদেশের সাতজন আর ভারতের তিনজন।

নোটিশপ্রাপ্তির পর সিনেমাটির প্রদর্শন বন্ধ করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির এ আইনজীবী।

গত ১৩ অক্টোবর দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে দেশের ১৫৩টি সিনেমা হলে একযোগে মুক্তি পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে শ্যাম বেনেগালের নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।

বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত ‘মুজিব-মেকিং অব নেশন’- বায়োপিকটি ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাবে।

এর আগে, ২০২২ সালের ১৯ মে ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবকালে ছবিটির প্রাথমিক ট্রেলার মুক্তি পায়। গত ১ অক্টোবর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মুজিব বায়োপিকের চূড়ান্ত ট্রেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়া, গত ১৪ সেপ্টেম্বর কানাডায় ৪৮তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয়।

বায়োপিকটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শিল্পী আরিফিন শুভ এবং বঙ্গবন্ধু পত্নী শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি ও অন্যরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এবং বাংলাদেশ থেকে বাংলা সংলাপ লিখেছেন সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন ও আনাম বিশ্বাস। ছবিটির শুটিং ভারতের মুম্বাইতে ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয় এবং শেষ হয় একই বছরের ডিসেম্বর মাসে।