যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে সজীব গাজী (২৬) নামে এক ইজিবাইক চলাকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) ভোরে বেনাপোল ইউনিয়নের পদ্মবিলা নামক বিল থেকে লাশ উদ্ধার হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সজীব গাজী বেনাপোল পোর্টা থানাধীন উত্তর গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোর ৬টার দিকে স্থানীয় লোকজন পদ্মবিলা বিলের মধ্যে গলাকাটা লাশটি দেখতে পাওয়া যায়। এ সময় রাস্তায় ওপর রক্তমাখা একজোড়া জুতা পড়ে ছিল।
নিহতের স্বজনদের দাবি, সজীব গাজী গতকাল রাতে আর বাসায় ফেরেনি। ভোরে ছিনতাইকারীরা ইজিবাইক ছিনতাই করার সময় গলাকেটে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে।
ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, উত্তর গয়ড়া থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে হত্যাকাণ্ডটি হয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।
