যশোরে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৬, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার টেকারঘাট বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।

মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রভাষক উদয় শংকর নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের রনজিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, সোমবার সকাল ৭টার দিকে উদয় শংকর টেকারগাট বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই সড়কে তাকে হত্যা করা হয়।
ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আশপাশের লোকজন হঠাৎ গুলি করার একটি আওয়াজ শুনতে পায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদয় শংকরকে মোটরসাইকেল থেকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।