খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক ও কাউন্সিলররা আগামীকাল ১১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন। তবে থাকছে না অন্যান্য বারের মতো জাঁকজমক অনুষ্ঠান। অনেকটাই নিরবে দায়িত্ব গ্রহণ করলেও প্যানেল মেয়র হতে কাউন্সিলররা বেশ সরব।
কেসিসি সূত্রে জানা গেছে, আগামীকাল বেলা ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র সাধারণ পরিষদের সভা আহŸান করা হয়েছে। সভার শুরুতেই প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব নিবেন মেয়র। সভায় অংশগ্রহণের মাধ্যমে কাউন্সিলররাও দায়িত্বপ্রাপ্ত সুধীজনদের বক্তব্যের মধ্য নিয়ে প্রথম সভা শেষ হবে। এর মধ্য দিয়েই নতুন পরিষদের ৫ বছরের মেয়াদ গণনা শুরু হবে।
এদিকে, নতুন পরিষদের প্যানেল মেয়র হতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন কয়েকজন কাউন্সিলর। এরই মধ্যে অন্য কাউন্সিলরদের কাছে ভোট চাওয়া, দলীয় নেতাদের সাথে যোগাযোগ, সংসদ সদস্য এবং নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের সমর্থন পেতে সব রকম চেষ্টা করেছেন তারা।
কেসিসি’র ৩১টি সাধারণ ওয়ার্ডে ৩১জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন নারী কাউন্সিলর রয়েছেন। এই ৪১ কাউন্সিলরের মধ্যে থেকে তিনজনকে প্যানেল মেয়র নির্বাচিত করা হবে। এর মধ্যে প্যানেল মেয়র-১ ও ২-তে পুরুষ এবং প্যানেল মেয়র-৩ পদটি নারীদের জন্য সংরক্ষিত। প্যানেল মেয়র পদটি সম্মানজনক। কর্পোরেশনের বিভিন্ন সভা ও অনুষ্ঠানে প্যানেল মেয়ররা সিটি মেয়রের পাশে একই টেবিলে বসেন এবং অন্য কাউন্সিলররা সামনে দুই পাশের সারিতে বসেন। এছাড়া নিয়োগ ও উন্নয়ন কাজসহ বিভিন্ন কাজে কাউন্সিলরদের তুলনায় প্যানেল মেয়ররা বেশি প্রাধান্য পান। সে কারণে প্যানেল মেয়র হতে আগ্রহীরা শেষ মুহূর্তের দৌড়-ঝাঁপ করছেন।
সূত্রমতে, প্যানেল মেয়র প্রার্থী হিসেবে আলোচিত পাঁচ কাউন্সিলরের নাম। তারা হলে বর্তমান প্যানেল মেয়র-১ ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র-২ ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ রফিক, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খুরশিদ আহমেদ টোনা ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ।
অন্যদিকে, প্যানেল মেয়র-৩ পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে চারজনের নাম। তারা হলে বর্তমান প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাজেদা খাতুন, সংরক্ষিত ১০নং ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন পারভীন জলি এবং সংরক্ষিত ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রোজী ইসলাম নদী।
