শেরপুরের ঝিনাইগাতীতে ধান খেত থেকে গলায় রশি পেঁচানো এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ অক্টোবর) সকালে ঝিনাইগাতীর কুচনীপাড়া এলাকার ধান খেত থেকে শাহ আলম (৫০) নামের ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
শাহ আলম পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের জসিম উদ্দিন ফকিরের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, শাহ আলম তার অটোরিকশা নিয়ে গতকাল তার বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে আর তিনি বাড়ি ফিরেননি। রোববার সকালে স্থানীয় লোকজন কুচনিপাড়া এলাকার পাকা সড়কের পাশে ধান খেতে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ধান খেত থেকে মরদেহ উদ্ধার করে। এসময় তার গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শাহ আলমকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর একই উপজেলায় আরব আলী নামের আরেক অটোরিকশা চালক খুন হন। ওই ঘটনায় ৭ জন গ্রেফতার হয়েছে।
