খুলনার সোনাডাঙ্গা গোবরচাকা এলাকায় চাঞ্চল্যকর ইমন হত্যাকাণ্ডের ঘটনায় ছয় রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলবারসহ মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ অক্টোবর) রাতে সোনাডাঙ্গার গোবরচাকা শাহিনুর মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মামুন উপজেলার খালিশপুর আলমনগর এলাকার হাবিব হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে একটি দস্যুতা, দুটি মারামারি এবং ১০টি মাদকের মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে সোনাডাঙ্গার গোবরচাকা শাহিনুর মসজিদ রোড এলাকায় ইমন হত্যাকাণ্ডের আসামি মামুনকে একটি বিদেশি রিভলবার এবং ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে পুলিশ।
গত ৫ অক্টোবর রাতে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রিকে কেন্দ্র করে খুলনার গোবরচাকা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন যুবক ইমন। এ ঘটনায় শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র।
