জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কেয়ারটেকার সরকারের অধীনে ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে না। তবে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এ জন্য খুলনা-৪, খুলনা-৫ ও খুলনা-৬ আসনে আমাদের মনোনীত প্রার্থীর নির্বাচনী কর্মকান্ড চালাতে হবে। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে এখন থেকে ভালো প্রার্থীর জন্য ভোট চাইতে হবে।
গতকাল শনিবার সকালে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর শাখার আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। নগর শাখার সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা অঞ্চল টিম সদস্য ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ তৌহিদুর রহমান প্রমুখ।
সম্মেলনের শুরুতে দারসে কুরআন পেশ করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার। সম্মেলনে ইসলামী গান পরিবেশন করেন প্রেরণা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মোঃ হেফজুর রহমান।
