বিমানবন্দরে স্বর্ণ চুরি: ৪ কাস্টমস কর্মকর্তাসহ আটজন রিমান্ডে - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে স্বর্ণ চুরি: ৪ কাস্টমস কর্মকর্তাসহ আটজন রিমান্ডে

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় কাস্টমসের চার কর্মকর্তাসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হলে বিচারক প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মোজাফফর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মো. মাসুম রানা, সিপাহী মো. মোজাম্মেল হক, মো. নিয়ামত হাওলাদার, মো. রেজাউল করিম ও মো. আফজাল হোসেন।

ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় মঙ্গলবার চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া চার সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

গত ৩ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। মূলত এসব স্বর্ণ যাত্রীদের কাছ থেকে জব্দ করার পর কাস্টমস হাউসের গুদামে রাখা হয়েছিল। ওই ঘটনায় বিমানবন্দর থানায় মামলার পর আটজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ বলেন, মামলার তদন্তের জন্য আমরা আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকেই গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আমরা তাদের রিমান্ডে এনে আরও স্বর্ণ উদ্ধারের চেষ্টা করব। তাছাড়া আমরা জানার চেষ্টা করব তাদের সঙ্গে আরও কারা জড়িত আছে।