বঙ্গোপসাগরে লঘুচাপ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে লঘুচাপ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-উড়িষ্যা উপকূলের নিকটবর্তী পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফেনী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-উড়িষ্যা উপকূলের নিকটবর্তী পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, ফেনী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় হাতিয়ায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।