তিন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি হিসেবে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার এসপির মধ্যে আগের ১৮ জন এসপিকে তুলে আনার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। সেক্ষেত্রে মেধাবীরা কেউ বাদ পড়েনি।’
তিনি বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি, কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।’
এর আগে উপদেষ্টা বলেছিলেন, ‘যে কোনো জাতীয় সংসদ নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও এবং ওসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ নির্বাচনের সময় দেখা যায়, প্রার্থীরা তাদের আসনে পছন্দের ডিসি, এসপি কিংবা ওসিকে পদায়ন করতে চান।’
তিনি বলেন, ‘আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করব। লটারি অনুযায়ী নির্বাচনের আগে বিশেষভাবে এসপি ও ওসিদের পদায়ন করা হবে। এখন কর্মকর্তারা যেখানেই থাকুক না কেন নির্বাচনের আগে তাদেরকে লটারির মাধ্যমে বদলি করা হবে।’
গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়।
এর আগে গত ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির দাবি জানিয়েছিল বেশ কয়েকটি রাজনৈতিক দল।
