ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৯, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে রেলস্টেশনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তিন আরএনবি সদস্য হলেন— হাবিলদার মাসুদ রানা, সিপাহি আসাদুজ্জামান এবং নায়েক ঈসমাইল। তাদের এই সাহসী ভূমিকা এবং তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলেই ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা যায়, আগুন লাগার বিষয়টি টের পেয়ে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন, বগির কয়েকটি সিটে দাউদাউ করে আগুন জ্বলছে। কোনো সরঞ্জাম হাতে না পেয়ে দায়িত্বরত আরএনবি সদস্যরা নিজেদের শরীরে থাকা জ্যাকেট খুলে ওয়াশপিটের নিচে জমে থাকা পানিতে ভিজিয়ে ফেলেন। এরপর সেই ভেজা জ্যাকেট দিয়েই আগুনের ওপর জাপটে ধরে তা নেভাতে সমর্থ হন। এ ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলেও অন্ধকারে তারা পালিয়ে যায়।

স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, আরএনবির তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলেই দুর্বৃত্তদের সেই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করা না গেলে তা পার্শ্ববর্তী কোচ, ট্রেনের ইঞ্জিন এবং প্ল্যাটফর্মের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারত।

তিনি আরও বলেন, প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। রাতে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত অপকৌশলে গানপাউডার এবং পেট্রোল ব্যবহার করে ট্রেনে আগুন দেয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের ধরতে অভিযান চলছে।