‘প্রস্তুতির সুযোগ না দিয়েই ভারত পেঁয়াজের দাম বাড়িয়েছে, যা দুঃখজনক’ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘প্রস্তুতির সুযোগ না দিয়েই ভারত পেঁয়াজের দাম বাড়িয়েছে, যা দুঃখজনক’

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২১, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ভারত রফতানি পণ্যের ওপর ৪০ শতাংশ ট্যাক্স বাড়ানোয় পেঁয়াজের দাম বাড়বে। প্রস্তুতির সুযোগ না দিয়ে ভারতের এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সুযোগ দেওয়া উচিত বলেও মনে করেন মন্ত্রী।

সোমবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

ভারতের সিদ্ধান্তকে দুঃখজনক আখ্যায়িত করে কৃষিমন্ত্রী বলেন, ‘ভারতের এই সিদ্ধান্তের ফলে পেঁয়াজের বাজার কীভাবে সামলাবো সেটা মোকাবিলা করাই এখন আমাদের চ্যালেঞ্জের বিষয়। কিন্তু ভারত কোনো ধরনের প্রস্তুতির সুযোগ না দিয়েই দাম বাড়িয়ে দিচ্ছে, এটা দুঃখজনক। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের উচিত সুযোগ দেওয়া।’

পেঁয়াজের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বড় সমস্যা হলো পেঁয়াজ গুদামে রাখা যায় না, পচে যায়। এটা একটা সমস্যা। চলতি বছরে আড়াই লাখ টন পেঁয়াজ কম উৎপাদন হয়েছে। গতবার দাম না পাওয়াতে চাষিরা পেঁয়াজ উৎপাদন কম করেছে।’

ভারত তাদের রফতানি পণ্যের ওপর ৪০ শতাংশ ট্যাক্স বাড়িয়েছে শুনেই দেশের বাজারে দাম বাড়িয়ে ফেলেছে বলে জানান কৃষিমন্ত্রী।

১৩ লাখ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, এখন ভারতের বিকল্প বাজার হিসেবে মিসর, চায়না থেকে পেঁয়াজ আমদানি চেষ্টা করা হচ্ছে। চায়না, জাপান, ইরান, মিসর এসব দেশ থেকে কেউ যদি পেঁয়াজ আমদানি করতে চায় সরকার অনুমতি দেবে। এটা হলে দাম বাড়বে না।

হুট করে যাতে দাম না বাড়াতে পারে ব্যবসায়ীরা সেজন্য কঠোরভাবে বাজার মনিটরিং করা হবে বলে জানান কৃষিমন্ত্রী।