সারারাত ডিউটি করার পর সকালে পুলিশ সদস্যের মৃত্যু - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারারাত ডিউটি করার পর সকালে পুলিশ সদস্যের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত এক পুলিশ সদস্য সারারাত ডিউটি করার পর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ শনিবার (৮ নভেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহত ওই পুলিশ সদস্যের নাম মো. আশরাফ (৪৩)। তিনি বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আশরাফ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ইমরাইল গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম প্রধান।

তিনি জানান, কনস্টেবল আশরাফ সারারাত ডিউটিরত অবস্থায় ছিলেন। সকালে অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পথিমধ্যে তার অবস্থার আরও অবনতি হয়। গাড়িচালক দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, নিহত ওই পুলিশ সদস্যের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার মরদেহ কুমিল্লা পুলিশ লাইনে নেওয়া হবে, সেখানে শ্রদ্ধা জানানোর শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।