‘মানবতাবিরোধী অপরাধে জড়িত আ.লীগের কেউই রেহাই পাবে না’ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘মানবতাবিরোধী অপরাধে জড়িত আ.লীগের কেউই রেহাই পাবে না’

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৬, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেউই ছাড় পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আওয়ামী লীগ আমলে সংগঠিত বিচারবহির্ভূত হত্যা ও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানান তিনি।

আজ সোমবার (০৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর।

তাজুল ইসলাম বলেন, ‘গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না। প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগ আমলে সংগঠিত বিচারবহির্ভূত হত্যা ও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহের মধ্যে দাখিল করা হবে।’

আজ চব্বিশের গণআন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।

সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৪ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল- ২।

এছাড়া ট্রাইব্যুনাল- ১ এ শেখ হাসিনাসহ তিন আসামির মামলায় দ্বিতীয় দিনের মতো মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জেরা করেন।