সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা থেকে সাদাপাথর লুটপাটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই রিটের শুনানির জন্য আগামী রোববার, ১৭ আগস্ট দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিট আবেদনটি করেছেন আইনজীবী মীর এ কে এম নূরুন নবী। একইসঙ্গে তিনি আদালতে রিটটি উপস্থাপন করেন।
রিট আবেদনে বলা হয়েছে, ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে যেন সরকারের সংশ্লিষ্ট সংস্থা যথাযথ আইনগত ব্যবস্থা নেয়। একইসঙ্গে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েনের অনুরোধও করা হয়েছে।
এছাড়া রিটে আরও উল্লেখ করা হয়, সাদা পাথর লুট রোধে সংশ্লিষ্ট প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালতের কাছে রুল জারির আবেদন করা হয়েছে।
জানা গেছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। এসব কাজ হয়েছে দিনের বেলায়—প্রশাসনের সামনে। স্থানীয় পর্যায়ে বহুবার অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
