সাবেক সিইসি নুরুল হুদা আরও ৪ দিনের রিমান্ডে - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সিইসি নুরুল হুদা আরও ৪ দিনের রিমান্ডে

জনবার্তা প্রতিবেদন
জুন ২৭, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে আরও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ শুক্রবার (২৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন দুপুর আড়াইটার দিকে নুরুল হুদাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন রাজধানীর শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার। আদালত চার দিন মঞ্জুর করেন।

দিনের ভোট রাতে করার অভিযোগে সাবেক এই সিইসির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এই মামলায় এর আগে গত সোমবার নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেদিনও শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

এর আগে গত রোববার সন্ধ্যার দিকে ‘মব’ তৈরি করে নুরুল হুদাকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় সাবেক এই সিইসিকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রহসনের নির্বাচন করার অভিযোগে গত রোববারই ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।

এদিকে একই মামলায় গত বুধবার গ্রেফতার হন আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। বর্তমানে তিনি মামলাটিতে তিন দিনের রিমান্ডে রয়েছেন।