দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলী-কলেজছাত্র নিহত - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলী-কলেজছাত্র নিহত

জনবার্তা প্রতিবেদন
জুন ২৫, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা বন বিভাগ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে বন বিভাগের সামনের সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা ও গাংনী জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মো. এ কে এম মাহফুজুর রহমান ৪৭, সদরের শেখপাড়ার বাসিন্দা ও মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. আকমল হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলের মধ্যে কেউই গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে গেছে। দুই আরোহী ছিটকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও সড়কে অসতর্কতার ফলেই এ মর্মান্তিক দুর্ঘটনা।