রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে আরসা সদস্য নিহত - জনবার্তা
ঢাকা, , |

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে আরসা সদস্য নিহত

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১০, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুফতি জামাল নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১ এর ই ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর।

নিহত জামাল ক্যাম্প-১১-এর ই ব্লকের বি/১১-এর নজির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আরসার সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

এপিবিএন কর্মকর্তা আমির জাফর বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১-এর ই ব্লকে অজ্ঞাত তিন-চারজন দুর্বৃত্ত মুফতি জামালকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ওই ক্যাম্পের ফ্রেন্ডশীপ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’