১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

জনবার্তা প্রতিবেদন
জুন ১১, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে ১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ জুন) লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি; যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘ভোট দিতে মুখিয়ে আছে দেশের তরুণ ভোটাররা। যারা গত ১৭ বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ’

প্রধান উপদেষ্টা বলেন, ‘কেবল একটি নতুন সরকার নির্বাচনের জন্য রক্ত দেয়নি তরুণরা।’

নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা।

ড. ইউনূস বলেন, ‘আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে।’

এর আগে, গত শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, আগামী বছর এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে ভোট।