সিলেট সীমান্তে বিএসএফের পুশ ইন, বিজিবির হাতে আটক ৬৮ অনুপ্রবেশকারী - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে বিএসএফের পুশ ইন, বিজিবির হাতে আটক ৬৮ অনুপ্রবেশকারী

জনবার্তা প্রতিবেদন
মে ২৮, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে পুশ ইন করা ৬৮ জনকে আটক করেছে বিজিবি।

বুধবার (২৮ মে) ভোররাতে উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৩ শিশু, ১২ নারী ও ৭ পুরুষসহ মোট ৩২ জন বাংলাদেশে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি টের পেয়ে ৪৮ বিজিবির আওতাধীন শ্রীপুর বিওপির টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে রাত ৪টা ২০ মিনিটে একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ৭ শিশু, ৭ নারী ও ৬ পুরুষসহ ২০ জন বাংলাদেশে প্রবেশ করে। মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরা সেখান থেকেও সবাইকে আটক করতে সক্ষম হন।

একই রাতে সুনামগঞ্জের নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত থেকে আরও ১৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৬ শিশু রয়েছে। বিজিবি জানিয়েছে, তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য।

শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম বলেন, রাতের নির্জনতার সুযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একাধিক দলে ভাগ হয়ে বাংলাদেশের ভূখণ্ডে পুশ ইনের চেষ্টা চালায়। আমরা তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৮ জন অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হই। ইদানীং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের প্রবণতা বেড়েছে। এ বিষয়ে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে অধিকাংশের বাড়ি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হলেও তারা ভারতের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।