পাখির ধাক্কায় তার্কিশ এয়ারের ইঞ্জিনে আগুন, অল্পে রক্ষা ২৯১ আরোহী - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাখির ধাক্কায় তার্কিশ এয়ারের ইঞ্জিনে আগুন, অল্পে রক্ষা ২৯১ আরোহী

জনবার্তা প্রতিবেদন
মে ২০, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাখি ঢুকে পড়ায় এমনটি ঘটেছে বলে জানা গেছে। তবে পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্লেনটির ২৯১ জন আরোহী।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে। তার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১৩ নম্বর ফ্লাইটটি (এয়ারবাস A330-303) তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। এ সময় প্লেনটি আকাশে চক্কর দিতে দিতে তেল পোড়ায় এবং পরে সকাল সোয়া ৮টার দিকে জরুরি অবতরণ করে।

পরে বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্লেনটি পরীক্ষা করে ইঞ্জিনের ভেতরে একটি মৃত পাখি উদ্ধার করে। এতে স্পষ্ট হয়, ‘বার্ড হিট’-এর কারণেই ইঞ্জিনে আগুন লেগেছিল।

ঘটনার বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে অস্বাভাবিক স্পার্ক লক্ষ্য করেন। এতে সন্দেহ হয় বার্ড হিটের। নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি দ্রুত জরুরি অবতরণ করেন।

প্লেনটিতে মোট যাত্রীর সংখ্যা ছিল ২৯১ জন। এর মধ্যে ১৯ জন বিজনেস ক্লাসের, ২৫৬ জন ইকোনমিক ক্লাসের এবং পাঁচজন শিশু ছিল। প্লেন পরিচালনায় নিয়োজিত ছিলেন ১১ জন ক্রু।

এর আগেও, দেশের আকাশে এমন ঘটনা ঘটেছে। গত ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় প্লেনটি নিরাপদে অবতরণ করে। সেই ফ্লাইটে ৭১ জন যাত্রী ছিলেন, যার মধ্যে শিশুও ছিল।