নগরীতে এক দিনে আ’লীগের ৪ ঝটিকা মিছিল, গ্রেফতার ২৫ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে এক দিনে আ’লীগের ৪ ঝটিকা মিছিল, গ্রেফতার ২৫

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২০, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কয়েক ঘণ্টার ব্যবধানে নগরীর পৃথক চারটি ঝটিকা মিছিল করেছে আ’লীগ। আজ রোববার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে মিছিলগুলো করা হয়। এরপর সেগুলো ফেসবুকেও পোস্ট করেছেন আওয়ামী লীগ নেতারা। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকালই প্রথম প্রকাশ্যে মিছিল করলেন দলটির নেতাকর্মীরা। এঘটনায় প্রশাসনের দুর্বলতার অভিযোগ উঠেছে। গত রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মিছিল করার অভিযোগে ২৫জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহাঃ আহসান হাবীব। তিনি জানান, অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আ’লীগের মিছিলের সূত্রপাত হয় শহরতলির জিরোপয়েন্ট এলাকা থেকে। সেখানে একটি মিছিল বের করে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়। মিছিলের ব্যানারে শেখ মুজিবুর রহমান ও স্বৈরাচার শেখ হাসিনার ছবি ছিল। আয়োজক হিসেবে লেখা ছিল ‘বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা’। পরে সেই মিছিলের একটি ভিডিও ক্লিপ কয়েকজন আওয়ামী লীগ নেতার ফেসবুকে পোস্ট করা হয়।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার নেতা পরিচয়ধারী সাইফুল ইসলাম সাইফ এবং সাবেক ছাত্রলীগ নেতা অসিত বরণ বিশ্বাস নামে আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

একই দিন নগরীর খালিশপুর ও দৌলতপুরেও এমন ঝটিকা মিছিল বের হয় বলে জানা গেছে।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে কালো পতাকা ছিল। তারা ‘জয় বাংলা’সহ অন্তর্বতীকালীন সরকার নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। এদিকে, নগরীর বয়রা জলিল সরণিতেও মিছিল হয়েছে। সেখানে মিছিল শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম অলিদ হাসান (২৪)। তিনি খালিশপুর থানাধীন আফজালের মোড়ের বাসিন্দা। এসময় পুলিশ তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪নং ওয়ার্ড শাখার একটি কমিটির তালিকা উদ্ধার করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, যারাই দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিষিদ্ধ, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, এমনকি তাদের যারা পৃষ্ঠপোষকতা করবে তাদের শক্ত হাতে দমন করা হবে।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলটিকে প্রশাসনের দুর্বলতা বলে উলে­খ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রবিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিছিলকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়।#