বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুতে মায়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) রাতে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকার জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে।
আহত যুবকদের মধ্যে একজন জাহাঙ্গীর আলম, যিনি বর্তমানে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তুমব্রুর উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। তার বাম পায়ের দুটি স্থানে গুলিবিদ্ধ হয়েছে। অপর যুবক নুর হোসেনও সামান্য আহত হয়েছেন।
পরিবারের সদস্যদের মতে, ওই রাতেই ধান ক্ষেতে পানি দিতে গিয়েছিলেন জাহাঙ্গীর ও নুর হোসেন। এ সময় কাঁটাতারের ওপার থেকে মায়ানমার থেকে তাদের দিকে গুলি ছোড়া হয়।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত হতে পারেন। ধারণা করা হচ্ছে, তারা কাঁটাতার অতিক্রম করে পণ্য নিয়ে যাচ্ছিলেন এবং এর মধ্যেই মায়ানমারের আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মায়ানমারের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করার সময় ওপার থেকে গুলি করা হয়। এতে তারা গুলিবিদ্ধ হন।’
তিনি আরও জানান, পুলিশ এখন এই ঘটনায় পণ্য চোরাচালান এবং অন্য সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চালাচ্ছে।
